স্মার্ট হতে চালকদের নিয়ন্ত্রণে নতুন সফটওয়্যার বানাচ্ছে বিআরটিএ

২৩ এপ্রিল, ২০২৩ ০৯:১৩  

ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। আরএফআইডিযুক্ত ডিজিটাল নম্বর প্লেট ও স্মার্ট লাইসেন্স এর পর এবার এই লাইসেন্স এর কার্যকারিতা নিশ্চিতে প্রস্তুত হচ্ছে বিশেষায়িত সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে পয়েন্ট আকারে চালকের দোষ-ত্রুটি সনাক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রমতে, নতুন এই সফটওয়্যারে প্রত্যেক ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে চালকের ১৩ অপরাধের জন্য এতে থাকছে ১২ পয়েন্ট। এর মধ্যে কেবল অতিরিক্ত ওজন বহন এবং ইচ্ছাকৃত ভাবে অন্য কোনো যানবাহনে পথ রূদ্ধ করলে কাটা যাবে ২ পয়েন্ট। এছাড়াও ট্রাফিক সঙ্কেত বা আইন ভঙ্গ, নির্ধারিত সীমার বেশি জোরে গাড়ি চালানো, উচ্চমাত্রায় হর্ণ বাজানো, যত্র-তত্র পার্কিং,সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা আইন লঙ্ঘন, ব্যক্তিগত গাড়ির বাণিজ্যিক ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায়, মিটার পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে এক পয়েন্ট করে কাটা যাবে। অপরাধের মাত্রা বেড়ে ১২ পয়েন্ট কাটা গেলে বাতিল বা স্থগিত হবে ড্রাইভিং লাইসেন্স। ৮ পয়েন্ট হারালে ২ বছর পয়েন্ট ফেরতের আবেদন করতে পারবে না। আর লাইসেন্স একবার বাতিল হলে ওই ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবেন।

জানাগেছে, আগামী মাস দুয়েকের মধ্যে শেষ হবে এই সফটওয়্যার তৈরির কাজ। এরপরই সারাদেশে একযোগে এর ব্যবহার শুরু করবে বিআরটিএ ও পুলিশের ট্রাফিক বিভাগ। শুরুটা হবে ঢাকা মহানগর থেকে। এমনটাই আভাস দিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

আর বিআরটিএর প্রকৌশল বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার শীতাংশু শেখর বিশ্বাস জানিয়েছেন, এই সফটওয়্যারে একজন ট্রাফিক সার্জেন্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ট্রাফিক আইন ভাঙলে জরিমানার পাশাপাশি পয়েন্ট কাটার কাজ করতে পারবেন। টানা ৬ মাস নিয়ম মানলে ফেরত পাওয়া যাবে ২ পয়েন্ট।